বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনব্যাপী মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা আজ সম্পন্ন হয়েছে। সামাজিক সংস্থা সহযাত্রী এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি ও শিক্ষায় উৎসাহ প্রদান।
কর্মসূচির আওতায় দক্ষিণ সুতালড়ী এইচ. এম. জে. কে. এম. মাধ্যমিক স্কুল, দক্ষিণ সুতালড়ী মনির উদ্দিন দাখিল মাদ্রাসা, ১১১ নং শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১৩ নং পূর্ব সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় (তেঁতুলবাড়িয়া) এবং ৮৪ নং বহুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সকলের সহযোগিতায় প্রতিটি আয়োজন সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক চিন্তা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে এবং তাদের শেখার আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। তাঁরা আরও বলেন, ভবিষ্যতে আরও বেশি সামাজিক সংগঠনের মাধ্যমে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে পরিচালিত হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তব্যে সহযাত্রী সংস্থার সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আরিফুর রহমান খান বলেন, শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতৃত্ব। তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করাই তাঁদের উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও জানান, সহযাত্রী শিক্ষা সহায়িকা নোটবুক শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
সংস্থার সহসভাপতি মশিউর রহমান কাজী বলেন, শিক্ষা কার্যক্রমে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী অর্জনের ওপরও গুরুত্ব দেওয়া উচিত।
সহযাত্রী সংস্থার সাধারণ সম্পাদক মো. নাঈম হাওলাদার বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, সুস্থ প্রতিযোগিতা ও সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটানোর চেষ্টা করা হচ্ছে।
আয়োজকদের আশা, এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে দায়িত্বশীল ও সচেতন নাগরিক গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।
