দরিদ্র পরিবারের মাঝে সহযাত্রীর খাদ্যসামগ্রী বিতরণ

রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ; সমাজে সহমর্মিতা ও সম্পদের সুষম বণ্টনের আহ্বান

মোরেলগঞ্জ, বাগেরহাট:
পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সহযাত্রী। শনিবার (৭ মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলার তেঁতুলবাড়িয়া হাইস্কুল অডিটোরিয়ামে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সহযাত্রী সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে সম্পদের একটি বড় অংশ অল্পসংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত হওয়ার ফলে সমাজে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে যাকাত, সদাকাহ ও দানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সহযাত্রী’র প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মুহাম্মদ আরিফুর রহমান খান বলেন,
“ইসলাম ধনীদের সম্পদের মধ্যে দরিদ্র মানুষের অধিকার স্বীকার করেছে। তাই যাকাত, সদাকাহ ও দানের মাধ্যমে সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা সম্ভব এবং সমাজ থেকে ক্ষুধা ও দারিদ্র দূর করা সম্ভব। সহযাত্রী সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, সহযাত্রী একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচির আওতায় এলাকার নির্বাচিত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সহযাত্রী সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা পুরো কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিত্তবান ব্যক্তিদের যাকাত, সদাকাহ ও দানের সহযোগিতায় ভবিষ্যতেও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন মানবিক ও স্বাবলম্বীকরণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Shohojatri © 2026. All rights reserved